জন্ম নিবন্ধন সনদ আমাদের সবচেয়ে জরুরি ডকুমেন্ট। স্কুলে ভর্তি, পাসপোর্ট, NID, চাকরি, প্রায় প্রতিটা ক্ষেত্রেই জন্ম সনদ আবশ্যক। হঠাৎ এই সনদ হারিয়ে গেলে দুশ্চিন্তা হওয়াটাই স্বাভাবিক।
তবে চিন্তার কিছু নেই। জন্ম নিবন্ধন হারিয়ে গেলেও আপনার তথ্য সরকারি ডাটাবেজে ঠিকই থেকে যায়, ফলে তা পুনরুদ্ধার করা সম্ভব। নিচে ধাপে ধাপে দেখানো হলো জন্ম নিবন্ধন হারিয়ে গেলে কিভাবে ডুপ্লিকেট কপি পাবেন।
জন্ম নিবন্ধন হারিয়ে গেলে যা যা করবেন
হারানো জন্ম নিবন্ধন ফিরে পেতে নিচের চারটা ধাপ অনুসরণ করলেই হবে।

ধাপ ১: জন্ম নিবন্ধন অফিসে যান
যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা সিটি কর্পোরেশন থেকে আপনার জন্ম নিবন্ধন করা হয়েছিল, প্রথমে সেই অফিসেই যোগাযোগ করতে হবে।
এখানে একটা বিষয় খেয়াল রাখা জরুরি, বর্তমানে অন্য এলাকায় থাকলেও যোগাযোগ করতে হবে ঠিক সেই অফিসেই যেখানে মূল নিবন্ধনটা হয়েছিল, কাছের বা বর্তমান ঠিকানার অফিসে গেলে হবে না। বিদেশে থাকা অবস্থায় নিবন্ধন করা হয়ে থাকলে সংশ্লিষ্ট বাংলাদেশ দূতাবাস বা কনস্যুলেটে যোগাযোগ করতে হবে।
ধাপ ২: প্রয়োজনীয় নথি জমা দিন
অফিসে যেসব ডকুমেন্ট চাওয়া হতে পারেঃ
- আবেদনকারীর NID (থাকলে)
- বাবা বা মায়ের NID
- জন্ম তারিখের প্রমাণ হিসেবে কোনো পুরনো কাগজ, যেমন স্কুলের সনদ বা হাসপাতালের কাগজ (থাকলে)
ধাপ ৩: পুনর্মুদ্রণের অনুরোধ করুন
তথ্য মিলে গেলে অফিস থেকে একটা আবেদন ফরম পূরণ করতে বলা হবে, এটাই পুনর্মুদ্রণ বা Re-Print আবেদন। ফরমের সাথে একটা নির্ধারিত ফিও জমা দিতে হয়, ফি সংক্রান্ত বিস্তারিত এই পেজে দেখে নিতে পারেন।
ধাপ ৪: ডুপ্লিকেট কপি সংগ্রহ করুন
আবেদন গ্রহণ হয়ে গেলে সাধারণত ২ থেকে ৫ কার্যদিবসের মধ্যে নতুন কপি পাওয়া যায়, কোনো কোনো অফিসে একই দিনেও দিয়ে দেয়। এই কপিটা আগের জন্ম নিবন্ধনের মতোই সব জায়গায় বৈধ, স্কুল, পাসপোর্ট বা NID এর কাজে ব্যবহার করতে কোনো বাধা নেই।
হারিয়ে যাওয়া জন্ম নিবন্ধন নাম্বার জানার উপায়
জন্ম নিবন্ধন নাম্বার মনে না থাকলে, যে অফিস থেকে নিবন্ধন করা হয়েছিল সেখানে গিয়ে নাম, জন্ম তারিখ ও বাবা মায়ের নাম বললেই তাদের রেজিস্টার থেকে নাম্বারটা বের করে দিতে পারবে।
এছাড়া NID কার্ড, পাসপোর্ট বা ভোটার তথ্যেও অনেক সময় জন্ম নিবন্ধন নাম্বারটা লেখা থাকে, কারণ এগুলো করার সময় জন্ম নিবন্ধনের তথ্যই ব্যবহার করা হয়েছিল। আগে কোথাও এই নাম্বার ব্যবহার করে থাকলে সেসব কাগজপত্র একবার দেখে নিতে পারেন।
ভবিষ্যতে জন্ম নিবন্ধন হারানো এড়াতে যা করবেন
জন্ম নিবন্ধনের একটা স্ক্যান কপি মোবাইলে বা Google Drive এ শেভ করে রাখুন। কাগজের আসল কপিটা আলাদা একটা ফাইল বা বক্সে গুছিয়ে রাখুন, আর নাম্বারটা কোথাও নোট করে রাখুন। এতে পরে হঠাৎ দরকার পড়লে খোঁজাখুঁজির ঝামেলায় পড়তে হবে না।
সচরাচর জিজ্ঞাসা
জন্ম নিবন্ধন হারিয়ে গেলে কি নতুন করে করতে হয়?
না, নতুন করে নিবন্ধন করার দরকার নেই। জন্ম নিবন্ধনের তথ্য সরকারি ডাটাবেজে সংরক্ষিত থাকে। পুনর্মুদ্রণের আবেদন করলেই আগের নিবন্ধনের নতুন একটা কপি পাওয়া যায়। তবে কোনো কারণে তথ্য একেবারেই ডাটাবেজে না পাওয়া গেলে তখন নতুন করে জন্ম নিবন্ধনের আবেদন করতে হতে পারে।
হাতে লেখা জন্ম সনদ হারিয়ে গেলে করণীয় কী?
হাতে লেখা বা পুরনো ফরম্যাটের সনদ হলে তথ্য অনলাইন ডাটাবেজে নাও থাকতে পারে। এক্ষেত্রে সংশ্লিষ্ট অফিসে গিয়ে প্রথমে তথ্যটা ডিজিটাল করে নিতে হবে, তারপর পুনর্মুদ্রণের আবেদন করা যাবে। এতে একটু বেশি সময় লাগতে পারে, তবে নিবন্ধন বাতিল হয়ে যায় না।