জন্মের পর রাষ্ট্রের কাছে নিজের অস্তিত্ব নথিভুক্ত করার একমাত্র মাধ্যম জন্ম নিবন্ধন। স্কুলে ভর্তি থেকে শুরু করে বিবাহ নিবন্ধন, জমির রেজিস্ট্রি, ব্যাংক হিসাব, এমনকি পাসপোর্ট পর্যন্ত, এই একটা ডকুমেন্ট আবশ্যক। অথচ কোথায় যেতে হবে, সাথে কী নিতে হবে, জন্মস্থানের অফিসে যেতে হবে নাকি স্থায়ী ঠিকানার, এই সাধারণ বিষয়গুলো অনেকে জানেন না।

এই পোস্টে জন্ম নিবন্ধনের সকল বিষয়বস্তু বিস্তারিত বোঝানো হয়েছে।

জন্ম নিবন্ধন কেন প্রয়োজন?

একজন মানুষের জীবনে প্রথম সরকারি পরিচয় তৈরি হয় জন্ম নিবন্ধনের মাধ্যমে। এটা শুধু একটা কাগজ নয়, রাষ্ট্রের চোখে আপনার বয়স ও পরিচয়ের ভিত্তি।

  • প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির সময়: সরকারি বিদ্যালয়ে সনদ বাধ্যতামূলক
  • বিবাহ নিবন্ধনে: বর ও কনে উভয়ের সনদ দিতে হয়
  • জমি কেনাবেচা বা রেজিস্ট্রিতে: বয়স ও পরিচয় প্রমাণের জন্য
  • ব্যাংক হিসাব খুলতে: বিশেষ করে নাবালকের হিসাবের ক্ষেত্রে
  • সরকারি ভাতা বা সুবিধা পেতে: বয়স্ক ভাতা, মাতৃত্বকালীন ভাতা ইত্যাদিতে বয়স যাচাই করতে
  • পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদনে: জন্মতারিখ মিলিয়ে দেখতে

পাসপোর্ট বা এনআইডি করার আগে যদি জন্ম নিবন্ধনে তথ্য না থাকে বা গরমিল থাকে, তাহলে একটা পর্যায়ে গিয়ে সমস্যায় পড়তে হয়। আগে থেকে ঠিক রাখলে পরে ঝামেলা কম।

জন্ম নিবন্ধন কোথায় ও কীভাবে করতে হয়?

দেশের ভেতরে

নিবন্ধনের দায়িত্ব থাকে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কাছে। আপনি কোথায় থাকেন তার ওপর নির্ভর করে কার কাছে যাবেন:

  • ইউনিয়ন পরিষদ: গ্রাম বা ইউনিয়নের বাসিন্দাদের জন্য
  • পৌরসভা: পৌর এলাকার বাসিন্দাদের জন্য
  • সিটি কর্পোরেশন: ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ বড় শহরের বাসিন্দাদের জন্য
  • ক্যান্টনমেন্ট বোর্ড: ক্যান্টনমেন্ট এলাকার বাসিন্দাদের জন্য

অনেকে ভাবেন জন্ম নিবন্ধন করতে জন্মস্থানের অফিসে যেতে হবে। কিন্তু নিবন্ধন হয় স্থায়ী ঠিকানার ভিত্তিতে, জন্মস্থানের ভিত্তিতে নয়।

ঢাকার হাসপাতালে জন্ম হলেও পরিবারের স্থায়ী ঠিকানা যদি কুমিল্লার কোনো ইউনিয়নে হয়, নিবন্ধন সেই ইউনিয়ন পরিষদেই করতে হবে। এটা না জেনে ভুল অফিসে গেলে খালি হাতে ফিরতে হয়।

হাসপাতালে জন্মের সময় একটা সাময়িক স্লিপ পাওয়া যায়, কিন্তু সেটা চূড়ান্ত সনদ নয়। চূড়ান্ত সনদের জন্য স্থানীয় কার্যালয়ে যেতে হবে। আবেদন অনলাইনেও করা যায় , নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন কীভাবে করবেন সেটা আলাদা পেজে বিস্তারিত আছে।

বিদেশে থাকলে

বাংলাদেশের বাইরে কেউ জন্ম নিলে বা প্রবাসীরা সন্তানের নিবন্ধন করাতে চাইলে তা করতে হয় সংশ্লিষ্ট দেশে বাংলাদেশের দূতাবাস বা হাইকমিশনের মাধ্যমে।

প্রতিটি দূতাবাসের পদ্ধতি কিছুটা আলাদা হতে পারে, কাগজপত্রের তালিকাও ভিন্ন। রওনা দেওয়ার আগে সেই দূতাবাসে যোগাযোগ করে নেওয়া ভালো।

হাতে লেখা পুরনো সনদ বনাম ডিজিটাল সনদ

আগে ইউনিয়ন পরিষদের খাতায় হাতে লিখে নিবন্ধন করা হতো। ২০০৪ সালের আইনের পর থেকে ধীরে ধীরে অনলাইন ব্যবস্থা চালু হয়েছে।

বাঁয়ে হাতে লেখা পুরাতন জন্ম সনদ, ডানে QR কোডসহ নতুন ডিজিটাল জন্ম সনদ, দুটির পাশাপাশি তুলনা

ডিজিটাল সনদের বড় সুবিধা হলো তথ্য সার্ভারে সংরক্ষিত থাকে। যার কারণে কোনোভাবে জন্ম সনদ পুড়ে বা ভিজে নষ্ট হলেও BDRIS সার্ভারে সংরক্ষিত থাকে।

হাতে লেখা পুরনো সনদ এখনো আইনত বৈধ। সমস্যা হয় যখন কোনো অফিস বা ব্যাংক অনলাইনে যাচাই করতে চায়। পুরনো তথ্য যদি ডেটাবেজে না থাকে, সেখানেই আটকে যেতে হয়।

বিষয় পুরাতন (হাতে লেখা) নতুন (ডিজিটাল)
অনলাইনে যাচাই করা যায় না করা যায়
হারিয়ে গেলে উদ্ধার করা প্রায় অসম্ভব অনলাইন ডাউনলোড করা যায়
পাসপোর্ট করতে অনেক ক্ষেত্রে সমস্যায় পড়তে হয় কোনো সমস্যা ছাড়াই চলে
NID করার সময় ঝামেলা হতে পারে কোনো ঝামেলা নেই
স্কুল বা কলেজে ভর্তি সব প্রতিষ্ঠানে গ্রহণযোগ্য নয় সব শিক্ষা প্রতিষ্ঠানে গ্রহণযোগ্য
ইউনিক নম্বর ১৭ ডিজিটের নম্বর নেই ১৭ ডিজিটের ইউনিক নম্বর আছে
QR কোড নেই আছে, স্ক্যান করে যাচাই করা যায়

আপনার সনদ ডিজিটাল কিনা বোঝার সহজ উপায় হলো ১৭ ডিজিটের নিবন্ধন নম্বর ও জন্ম তারিখ দিয়ে অনলাইনে চেক করা। দেখে নিন অনলাইনে জন্ম নিবন্ধন যেভাবে যাচাই করবেন।

জন্ম নিবন্ধন সংক্রান্ত সমস্যা ও সমাধান

সনদে তথ্য ভুল আছে

নামের বানান ভুল, বাবা বা মায়ের নামের অমিল, জন্মতারিখে গরমিল, এই ভুলগুলো সবচেয়ে খারাপ সময়ে ধরা পড়ে। স্কুলের সনদে এক নাম, জন্ম নিবন্ধনে আরেক নাম।

এক্ষেত্রে পাসপোর্ট করতে বা বিবাহ নিবন্ধনে গেলে সেখানেই আটকে যাবেন। তথ্য ভুল থাকলে আবেদন করে সংশোধন করাতে হবে। ভুল যত আগে ধরা যায়, পরে ততটাই কম ঝামেলা।

সনদ হারিয়ে গেছে, নম্বরও নেই

অনেকে ভাবেন সনদ হারিয়ে গেলে নতুন করে নিবন্ধন করতে হবে। আসলে তা না। নিবন্ধন একবার হয়ে গেলে সেই তথ্য সার্ভারে থাকে। শুধু নিবন্ধন নম্বরটা খুঁজে বের করতে হবে। স্কুলের পুরনো ভর্তির ফর্ম বা টিকা কার্ডে নম্বর থাকতে পারে। না পাওয়া গেলে হারানো সনদ উদ্ধারের উপায় আলাদা পেজে বিস্তারিত আছে।

একই ব্যক্তির দুইটা নিবন্ধন

এটা হয় সাধারণত যখন একজন মানুষ দুই জায়গায় বা দুই সময়ে নিবন্ধন করেন। প্রথমটার কথা ভুলে গিয়ে, বা কাগজ হারানোর পরে।

দুটো নিবন্ধন থাকলে এনআইডি বা পাসপোর্ট করতে গিয়ে তথ্য মেলানোর সময় জটিলতা বাড়ে। এটা সমাধানে সংশ্লিষ্ট অফিসে সরাসরি যোগাযোগ করতে হয়।

অনলাইনে খুঁজে পাওয়া যাচ্ছে না

হাতে লেখা পুরনো সনদের তথ্য অনেক ক্ষেত্রেই ডেটাবেজে ওঠেনি। ২০০৪-এর আগের নিবন্ধন বা পরে হলেও যেখানে ডিজিটাইজেশন শেষ হয়নি, সেখানের তথ্য পোর্টালে পাওয়া যায় না।

এ ক্ষেত্রে সরাসরি ইউনিয়ন পরিষদ বা পৌরসভায় গিয়ে পুরনো রেজিস্টার বইয়ে খোঁজার প্রয়োজন হতে পারে।

জন্ম নিবন্ধন আইন

জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪ অনুযায়ী সন্তান জন্মের ৪৫ দিনের মধ্যে নিবন্ধন করানো বাধ্যতামূলক। এই সময়ের মধ্যে করলে কোনো ফি লাগে না।

৪৫ দিন পার হয়ে গেলে বিলম্ব ফি যোগ হয় এবং বাড়তি কাগজপত্র লাগতে পারে। কোন বয়সে কত বিলম্ব ফি লাগে সেটা আগে দেখে নিলে অফিসে গিয়ে ঝামেলা কম হয়।

আইনে দেরিতে নিবন্ধনের জন্য জরিমানার বিধান আছে, তবে প্রয়োগ ক্ষেত্রভেদে আলাদা হতে পারে।

সচরাচর জিজ্ঞাসা

জন্ম নিবন্ধন ছাড়া কি স্কুলে ভর্তি হওয়া যায়?

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে জন্ম নিবন্ধন সনদ বাধ্যতামূলক। বেসরকারি প্রতিষ্ঠানে প্রয়োগ কিছুটা আলাদা হতে পারে। তবে সনদ না থাকলে পরে স্কুল সার্টিফিকেট বা পাবলিক পরীক্ষার সময় তথ্যে গরমিল দেখা দিতে পারে।

হাতে লেখা পুরনো সনদ কি এখনো চলে?

আইনগতভাবে এখনো বৈধ। কিন্তু পুরনো সনদের তথ্য অনেক ক্ষেত্রেই BDRIS ডেটাবেজে নেই। এজন্য বিভিন্ন প্রতিষ্ঠানে পুরনো সনদ গ্রহণ করা নাও হতে পারে। পুরনো সনদটা ডিজিটাল রেকর্ডে আছে কিনা আগে যাচাই করে নেওয়া ভালো।

ইংরেজিতে জন্ম নিবন্ধন করা যায় কি?

হ্যাঁ। পোর্টালে বাংলার পাশাপাশি ইংরেজিতেও তথ্য দেওয়ার সুবিধা আছে। পাসপোর্ট বা বিদেশে কোথাও ব্যবহারের ক্ষেত্রে ইংরেজি সংস্করণ কাজে আসে।

বাবা-মায়ের জন্ম নিবন্ধন না থাকলে সন্তানের হবে কি?

হবে। এ ক্ষেত্রে বাবা-মায়ের জাতীয় পরিচয়পত্র বিকল্প হিসেবে গ্রহণ করা হয়।

বিদেশে জন্ম হলে কোথায় নিবন্ধন করতে হয়?

যে দেশে জন্ম, সেখানে বাংলাদেশের দূতাবাস বা হাইকমিশনে নিবন্ধন করতে হয়। দেশে ফিরলে স্থায়ী ঠিকানার স্থানীয় কার্যালয়ে তথ্য হালনাগাদ করার প্রয়োজন হতে পারে।